মোহাম্মদপুরে কুপিয়ে হত্যা, আটক ১
রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. সোহেল (৩৫) ওই এলাকায় একটি মুদি দোকান এবং ‘মাল্টিপারপাস কো অপারেটিভ’ চালাতেন। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গেও জড়িত ছিলেন বলে মোহাম্মদপুর থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান।
তিনি বলেন, রাত ১০টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সোহেলের বাসার কাছেই তাকে রাস্তায় কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “কারা কেন সোহেলকে খুন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তির নাম-পরিচয় ‘তদন্তের স্বার্থে’ প্রকাশ করতে রাজি হননি তিনি।
