২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে আগুন লেগে সুতা, কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকেলে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় পদ্মা টেক্সটাইল কারখানার এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এবিএম মমতাজ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কারখানার উইভিং ও সাইজিং বিভাগে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরের হাজীগঞ্জ, ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক শওকত রেজা বলেন, আগুনে ৫২ টি উইভিং মেশিন, দুটি সাইজিং মেশিন, বিপুল পরিমাণ সুতা ও আসবাবপত্র পুড়ে গেছে।