ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারও ধস
ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে।
রোববার শহরতলীর ধলার মোড় এলাকায় চতুর্থ বারের মতো এ বাঁধের ৫০ মিটার জুড়ে সিসি ব্লক ধসে নদীগর্ভে চলে গেছে।
এছাড়া ১০ কিলোমিটার জুড়ে বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নিখিল চন্দ্র হালদার জানান, পানি বৃদ্ধির কারণে ১১ জুলাই রাতে ডিক্রিচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় ৫০ মিটার, ২৯ জুলাই ধলার মোড় এলাকায় আবারও ৬০ মিটার সিসি ব্লক নদীগর্ভে চলে যায়।
“এছাড়া ১৭ জুলাই বাঁধের একই অংশে আরও ৬০ মিটার সিসি ব্লক নদীর গর্ভে বিলীন হয়ে যায়। রোববার বিকালে আগের ধসে যাওয়া অংশের উভয় পাশে প্রায় ৫০ মিটার নদীতে বিলীন চলে গেছে ।”
বাঁধের ১০ কিলোমিটার জুড়ে দিয়েছে ফাটল দেখা দিয়েছে বলেও জানান তিনি।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন জানান, এর আগে তিনবার এই বাঁধের বিভিন্ন অংশ ধসে গিয়েছিল।
মেরামতে অনিয়মের কারণে প্রতিনিয়ত বাঁধ ধসে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গত কয়েক মাস আগে শহরের সিঅ্যান্ডবি ঘাট থেকে ধলার মোড় পর্যন্ত দুই কিলোমিটার জায়গা জুড়ে অবাধে বালু তুলে নেওয়া হয়। প্রতিদিন বালু বোঝাই ট্রাক শহর রক্ষা বাঁধের উপর দিয়ে চলাচল করায় বাঁধ ধসে যাচ্ছে।
তবে, বাঁধ ধসের কারণ হিসেবে পানির তীব্র স্রোতকে দায়ী করছেন নিখিল চন্দ্র হালদার।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বাঁধ সংস্কার কাজে অনিয়ম প্রসঙ্গে বলেন, মেরামত কাজে অনিয়ম হয়নি। ৫/৬ বছর ধরে বাঁধে বড় কোন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ধস দেখা দিচ্ছে।
