বগুড়ায় অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছিনতাইয়ের চেষ্টার সময় ট্রাকের ধাক্কায় আহত হন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার এসআই আলহাজ্ব।
গ্রেপ্তাকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কাটাবাড়িয়া গ্রামের আবুল কাসেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), পাবনার সাঁথিয়া উপজেলার বশবন্তদলিয়া গ্রামের মৃত রেজা মোল্লার ছেলে সুমন (৩২) এবং গাজীপুরের সুজন।
আহতদের মধ্যে জাহাঙ্গীর ও সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, একটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আলহাজ্ব বলেন, মির্জাপুর বাজারে মোটরসাইকেল আরোহী সুমন, জাহাঙ্গীর ও সুজন একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করে। চালক দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকের ধাক্কায় তিনজন রাস্তার উপর ছিটকে পড়ে।
“স্থানীয়রা তাদের কাছে অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।”
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা এবং ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান এসআই আলহাজ্ব।
