২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মাইক্রোবাস চাপায় পথচারীর মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

রোববার ঢাকা-রংপুর মহাসড়কেরকলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন। 

নিহত আশরাফুল ইসলাম (২৬) পীরগঞ্জ সদর ইউনিয়নের দুবরাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, দুপুরে রংপুর থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় হতাহতদের উদ্ধার করতে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন।

ওসি আরও বলেন, এর কিছুক্ষণ পর সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখার একটি মাইক্রোবাস রংপুর থেকে টাকা নিয়ে ফিরছিল। কলাবাড়ি এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি সড়কের পাশে ছিটকে পড়ে।

“এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা আশরাফুল মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

এছাড়া মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসে থাকা পুলিশ কনস্টেবল আহত হয় বলেও জানান তিনি। 

আশরাফুলের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা গেলে্ও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।