যমুনার পানি বেড়ে জামালপুরে নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে যমুনা নদীর পানি বেড়ে জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৯টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
“গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।”
পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, সাপধরি, চিনাডুলি, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ও চোকাইবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান তিনি।
এসব এলাকার অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামপুরের ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকেছে। ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইসলামপুর উপজেলা প্রশাসন জরুরি সভা করছে বলেও জানান তিনি।
