রাজশাহীতে শিয়ালের উৎপাত, ১২টি পিটিয়ে হত্যা
রাজশাহীর বাগমারায় দুদিনে শিয়ালের আক্রমণে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ঘটনার পর উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্বদৌলতপুর গ্রামের লোকজন ১২টি শিয়ালকে পিটিয়ে হত্যা করে।
আহতদের মধ্যে সিয়ারুল ইসলাম (৩০) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, গত শনিবার রাতে পূর্বদৌলতপুর গ্রামের সিয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি শিয়ালের আক্রমণের শিকার হন।
কয়েকটি শিয়াল তাকে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত করে।
তার চিৎকারে লোকজন ছুটে গেলে শিয়ালগুলো তাদেরও আক্রমণ করে।
এ সময় আরও কয়েকজন শিয়ালের নখের থাবায় জখম হন।
ভবানীগঞ্জ ক্লিনিকের ডা. আবদুল বারী জানান, তিনি শিয়ালে কামড়ানো চার-পাঁচজন রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বেশ কয়েকজনকে টিকা দিয়েছেন।
শিয়ালের আক্রমণের শিকার ওই গ্রামের আফাজ উদ্দিন, রেহেনা বেগম, সায়লেন, মকবুল হোসেন জানান, দিনে শিয়াল দেখা না গেলেও সন্ধ্যার পর লোকালয়ে ঢুকে পড়ছে।
গত দুইদিনে বিভিন্ন স্থানে অন্তত ৩০ জনকে কামড় দিয়েছে বলে জানান তারা।
স্থানীয় স্কুল শিক্ষক ইসাহাক আলী জানান, এ ঘটনার পর গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ায় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেলা করেছেন বলে জানান তারা।
ইতিমধ্যে গ্রামের লোকজন ১২টি শিয়াল মেরে ফেলেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, শনিবার রাতেই পূর্বদৌলতপুর, গোড়সার ও হুলিখালী গ্রামের লোকজন সভা করে শিয়াল তাড়ানোর ব্যাপারে আলোচনা করেন।
এরপর থেকে তারা এলাকার জঙ্গল ও ঝোপ-ঝাড়ে অভিযান চালিয়ে শিয়াল তাড়ানোর অভিযান শুরু করেছেন বলে জানান ইসাহাক আলী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পন্ডিত জানান, শিয়ালগুলোর মধ্যে যেগুলো এডিস ভাইরাসে আক্রান্ত, সেগুলো কামড়ালে রোগ ছড়াতে পারে।
এজন্য আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
