রফিকুল হত্যা: আ. লীগ কর্মীদের বিরুদ্ধে ভাইয়ের মামলা
গাজীপুরে কালিয়াকৈরে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলামের হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের বড় ভাই মো. আব্দুল মোতালেব মিয়া বাদী হয়ে শনিবার রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।
এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ২২ জনকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব খান জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন সিকদার, পৌর ছাত্রলীগ সভাপতি মো. রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. খাত্তাফ মোল্লাসহ ১০ জনের নামোল্লেখ করা হয়।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “ঘটনার রাতে সোহেল ও মোহাম্মদ হোসেন নামের দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ রোববার কালিয়াকৈর উপজেলায় অর্ধবিস হরতাল পালন করেছে।
এছাড়া শনিবার দুপুরে স্থানীয় যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী রফিকুল ইসলামের লাশ নিয়ে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও কালিয়াকৈর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করে।
শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও ২১ অগাস্টের গ্রেনেড হামালায় নিহতদের স্মরণে সভাস্থলের পাশে প্রতিপক্ষের হামলায় নিহত হন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম।
