২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

দক্ষিণ কেরাণীগঞ্জে গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে ডাকাতদলের সদস্য বলছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

ও দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 12:56 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার পাড় গেণ্ডারিয়ার সাতপাখি এলাকায় ওই ঘটনায় ‘ডাকাত দলের’ অপর দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।

নিহত মো. ইউসুফের (৩৫) বাড়ি ঢাকার দোহার থানার হাজার বিঘা গ্রামে।

আটক দুজন হলেন- শরিয়তপুর জেলার গোশাইহাট থানার মধ্য মাতোয়াখালি গ্রামের ঈসমাইল (২৯) ও মাদারিপুর জেলার কালকিনি থানার আওলিয়াবাদ গ্রামের সোহরাব (৩০)।

ওসি বলেন, “নিহত ও আটক দুইজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওই দলের বাকিদেরও ধরার চেষ্টা চলছে।”

এই পুলিশ কর্মকর্তার ভাষ্য, ৯/১০ জন ডাকাত সাতপাখি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি করলে ইউসুফ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় ঈসমাইল ও সোহরাবকে আটক করা হয়।”

রাত ৩টার দিকে ইউসুফকে স্যর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, আটকদের কাছ থেকে দুটি গুলিসহ একটি পিস্তল এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন, যাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি মনিরুল ইসলামের ভাষ্য।