২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন বাংলাদেশের সঙ্গে থাকবে: রাষ্ট্রদূত 

প্রতিবেশীদের সঙ্গে ‘একসঙ্গে উন্নত হওয়ার’ প্রত্যাশা থেকে বেইজিং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে বলে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মা মিংকিয়াং জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 11:12 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

চীনের প্রয়াত নেতা ডেং শিয়াওপিংয়ের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “চীন বাংলাদেশের সঙ্গে থাকবে।”

ডেং শিয়াওপিং স্ট্যাডি সেন্টার আয়োজিত অনুষ্ঠানে উভয়পক্ষের লাভের জন্য সিনো-বাংলা সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সত্তরের দশকের শেষদিক থেকে ১৯৯৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন শিয়াওপিং।

কমিউনিস্ট শাসিত চীনের নীতিতে সংস্কারের জন্য তাকে স্মরণ করা হয়ে থাকে। তিনি চীনের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বিধি-বিধানসহ প্রায় সব ক্ষেত্রে সংস্কার আনেন, যাতে দেশে স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃ্দ্ধি ফিরে আসে।

রাষ্ট্রদূত বলেন, নেতা হিসেবে শিয়াওপিং বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করতেন। তরুণ বয়স থেকেই চীন ও এর জনগণের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তিনি।

শিয়াওপিংয়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেন, “নিজের আদর্শের প্রতি চরম আনুগত্য নিয়ে তিনি ছিলেন মহান রাজনীতিক। তিনবার তাকে তার পদ থেকে সরানো হয়েছিল এবং বার বার তিনি ফিরে এসে চীনে ক্ষমতার শীর্ষে আরোহন করেন।”

শিয়াওপিংয়ের সংস্কারের কারণে চীন এখন বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

“বিশ্ব অর্থনীতিও তার থেকে সুবিধা পেয়েছে। চীনের অর্থনীতি যখন বাড়ে তখন বিশ্ব অর্থনীতিও বাড়ে। যখন চীনের অর্থনীতিতে ধীর গতি আসে বিশ্ব অর্থনীতিতেও ধীর গতি আসে।”

তিনি বলেন, খুব শিগগির কোনো বিশ্বযুদ্ধ নেই বুঝতে পেরে শিয়াওপিং নিরাপত্তা থেকে উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছিলেন।

“এবং চীন উন্নতি করেছে। তবে আমরা একটি সোস্যালিস্ট দেশ হিসেবে রয়েছি, চীনের বৈশিষ্ট্য এবং গণতন্ত্র নিয়ে। আমাদের রয়েছে নিজস্ব গণতন্ত্র।”

চীনের উন্নয়ন বাংলাদেশের জন্য একটি ‘রেফারেন্স’ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত বলেন, “সাধ্যমত বাংলাদেশকে সহযোগিতার চেষ্টা করব আমরা।”

জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর তার বক্তব্যে ভূ-রাজনীতির প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশের সুসম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উভয় দেশের জন্য সম্পর্কোন্নয়ন ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

উদীয়মান ক্ষমতাধর দুই দেশ ভারত ও চীনের প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের ‘ভারসাম্যমূলক’ পররাষ্ট্রনীতি নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

“আমরা যদি কোনো একটি দেশের দিকে ঝুকি, তাহলে সার্বভৌমত্বের (বাংলাদেশের) জন্য হুমকি হয়ে উঠবে,” বলেন তিনি।

অবশ্য তিনি চীনকে বাংলাদেশের ‘পরিক্ষীত ও ঘনিষ্ঠ বন্ধু’ বলেছেন।

‘অন্যান্য দেশে হস্তক্ষেপের নীতি এদের না,” বলেন আমানুল্লাহ কবীর।