মানবপাচারের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
মানবপাচারের অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম চুন্নু পলাশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি যশোবন্তপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বালিদিয়া গ্রামের এক মেয়েকে ভারতে পাচারের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চুন্নুর বিরুদ্ধে মেয়েটির পরিবারের পক্ষ থেকে ১৮ জুলাই একটি মামলা করা হয়।
