২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন দেশের খ্যাতিমান কবিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে জাতীয় কবিতা পরিষদ জাবি শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “আবেগ থেকে চিন্তার স্বাধীনতা আসে। বঙ্গবন্ধু আবেগকে বাঙালির প্রাণের ভেতর মেশাতে পেরেছিলেন। এ জন্য বাঙালি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, “১৫ অগাস্ট বঙ্গবন্ধু আত্মদান করেছেন। তার আত্মদান এদেশের মানুষ চিরদিন ম্মরণ করবে।”

বাংলা বিভাগের অধ্যাপক কবি খালেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং নিবন্ধক আবু বকর সিদ্দিক।

জাতীয় কবিতা পরিষদ জাবি শাখার সাধারণ সম্পাদক ড. আবুল আজাদের পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- সৈয়দ শামসুল হক, কবি নুরুল হুদা, কবি কাজী রোজী, কবি অসীম সাহা, কবি মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী, কবি অঞ্জনা সাহা, কবি আনিস মুহাম্মদ, কবি পিয়াস মজিদ, সালাম সাকলাইন প্রমুখ।