২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ হত্যার দায় সরকারকে নিতে হবে: হান্নান

বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যার জন্য ভবিষ্যতে বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 06:26 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সরকার সমর্থক কয়েকজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “গত কয়েকদিন ক্রসফায়ারে আওয়ামী লীগের সোনার ছেলেরা মারা যাচ্ছেন। আমি এসব হত্যাকে সমর্থন করি না। কারণ যারা হত্যা করছেন তারা বিচার বিভাগের বাইরে গিয়ে এসব করছেন।

“যে কোনো একদিন যে কেউ যদি সময়মত মোকাদ্দমা করে তাহলে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানে যেমন ভুট্টোর ফাঁসি হয়েছিল, ঠিক তেমনি যারা এসবের সঙ্গে জড়িত তারা কিন্তু ফেঁসে যাবেন।”

গত কয়েক দিনে ঢাকা, গাজীপুর, মাগুরা ও কুষ্টিয়ায় আওয়ামী লীগের কয়েকজন র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন, যারা সবাই হত্যা মামলার আসামি।

আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ বললেও ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

গত ১৯ আগস্ট বুধবার সংগঠনটি ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল।

হান্নান শাহ বলেন, “রোজই তো শোনেন যে ক্রসফায়ারে মারা গেছে। আরে ভাই, ক্রসফায়ারের হুকুম দেয় কে? থানার ওসি কিংবা র‌্যাবের কোনো কর্মকর্তা দিচ্ছে। নাকী উপর থেকে অনুমতি লাগে। ওই মৃত্যুদণ্ড বা বেসরকারিভাবে হত্যা করার জন্য এই অহি নাজিল কোত্থেকে হয়, আপনারা নিশ্চয় জানেন না। আমি কিন্তু জানি। একটা ক্লিয়ারেন্স নিতে হয় ভাই। টেলিফোন উঠিয়ে বলে, স্যার বাচ্চুরে ধরছি, এখন কি করমু। সে যদি মুখ খুলে তাহলে অবস্থা কাহিল।”

ক্রসফায়ারের ঘটনার বিশ্লেষণ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “দেখবেন প্রত্যেকটা স্পর্শকাতর মামলার প্রধান আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ বা র‌্যাব। রাস্তায় নাকী ওই দুষ্কৃতকারীরা তাকে ছিনিয়ে নিতে গেছে, গোলাগুলি হইছে এতেই মারা গেছে।”

টেলিফোনে বিচারকদের কথোপকোথন রেকর্ডের ঘটনারও সমালোচনা করেন তিনি।

হান্নান শাহ বলেন, “লাল ফোনের মাধ্যমে কথোপকথন টেপ হয়ে যাচ্ছে। যে পর্যায়ের কথোপকথন আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি, অন্যকোনো সভ্য দেশ হলে স্বেচ্ছায় তারা পদত্যাগ করতেন বলে আমরা বিশ্বাস করি।”

জাতীয় শোকদিবসেও ক্ষমতাসীনরা চাঁদাবাজি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

জঙ্গি অর্থায়নে আইনজীবী গ্রেপ্তার প্রসঙ্গে হান্নান শাহ বলেন, “পত্র-পত্রিকায় দেখলাম, বেশ কয়েকজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে নিশ্চয় করবেন। কিন্তু তাদের গ্রেপ্তার দেখিয়ে টিভি-রেডিওতে যে কাণ্ডটি করা হলো- কোথায় থেকে এলএমজি, কোথায় থেকে লাইট মেসিন গান, কোথায় থেকে একে ফোর্টি সেভেন-গ্রেনেড ইত্যাদি শতশত অস্ত্র দেখানো হলো; যেন মনে হয় এগুলো গ্রেপ্তারকৃত ওই তিনজনের। এই সরকার এভাবে মিথ্যা প্রোপাগান্ডা করে।”

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, আসাদুল করীম শাহিন, মহিলা দলের শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।