২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও ছয়জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার পেরুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আদিল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহত আব্দুল কাদের (৩৫) মনোহরগঞ্জ উপজেলার বরালিখন্ড গ্রামের শাহদাত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে লাকসাম ও মনোহরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত ডিবি পুলিশের এসআই কামাল হোসেন, দুই কনস্টেবলকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতাল এবং ‘ডাকাত’ দলের সদস্য নিয়ামত, নোমান ও  জাহাঙ্গীরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আদিল বলেন, “পেরুল এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় কাদেরসহ চারজন গুলিবিদ্ধ হয়।”

গুলিবিদ্ধ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাদেরের মৃত্যু হয়। অন্য তিনজনকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ আটজনকে আটক করা হয়েছে বলে এসআই আদিল জানান। 
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি শটগান, তিনটি এলজি, পাঁচ রাউন্ড গুলি।