২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে হাসিনার অভিনন্দন

শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 10:12 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে শ্রীলংকার সঙ্গে গড়ে উঠা বন্ধুত্বের সম্পর্ককে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দেয়।

“আমি দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদার এবং আমাদের এ অঞ্চলে ও বিশ্বে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির বিকাশে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, “গত ১৭ আগস্ট অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে আপনার জোটের বিজয়ের পর পুনরায় শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে আপনি নির্বাচিত হওয়ায় আপনাকে আমি আনন্দের সাথে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী বলেন, বিক্রমাসিংহের সরকার চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীলংকায় ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের যে সূচনা করেছে, এই নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে শ্রীলংকার জনগণ তাকে আবারও ম্যান্ডেট দিয়েছে।

“আমার দৃঢ় বিশ্বাস, সরকার পরিচালনায় আপনার স্বতন্ত্র রাজনৈতিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতা ৬০ মাসের মধ্যে আপনার নতুন দেশ গড়ার ভিশন বাস্তবায়নে সার্বিকভাবে কাজে লাগবে, যা সুশাসনের আবহে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”

শ্রীলংকার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে নতুন প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত কল্যাণ কামনা করেন তিনি।

গত সোমবারের সাধারণ নির্বাচনে বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) বিজয়ের পর শুক্রবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।