লুঙ্গি বিক্রেতা সেজে সোনা চুরি, ৩ মাস পর উদ্ধার
লুঙ্গি বিক্রেতা সেজে কৌশলে নগরীর একটি সোনার দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির তিন মাস পর ১৬ ভরি চোরাই স্বর্ণসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে সাহেদ (২৪), মো. করিম (২৩) এবং মো. রুবেলকে (২০) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ মে শুক্রবার নগরীর কাজীর দেউড়ি মোড়ের অ্যাপোলো শপিং সেন্টারের দ্বিতীয় তলায় মো. ইউসুপের মালিকানাধীন গোল্ড ইন নামের স্বর্ণের দোকান থেকে ২৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়।
“তারপর থেকে এই চোরদের সন্ধান ছিল। গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিন জন জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
নগরীর বিভিন্ন এলাকায় বন্ধ দোকানের সামনে লুঙ্গি বেচাকেনার ভান করে চক্রটি চুরি করে।
পরিদর্শক নেজাম উদ্দিন বলেন, চোর দলের একজন বিক্রেতা সেজে একটি ঝুড়িতে ১০-১২টি লুঙ্গি নিয়ে বন্ধ দোকানের সামনে বসে। তাদেরই একজন ক্রেতা সেজে সামনে দাঁড়ায়। বিক্রেতা লুঙ্গি মেলে ধরে দেখাতে থাকে। এর আড়ালে চলে দোকানের তালা কাটার কাজ।
