২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারের ‘বাঘ’ উল্টে ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপে বসানো বাঘের ভাস্কর্যটি উল্টে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 10:14 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাঘের ভাস্কর্যটি ভিত্তি থেকে খুলে গিয়ে কাত হয়ে উল্টে পড়ে। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক সেই বাঘের নিচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে উল্টে পড়া ভাস্কর্যের নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

নিহতের নাম পুলিশ জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন বলেন, ভ্যানগাড়িটি বাঘের ভাস্কর্যের পাশে ছিল। তবে ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন, না বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলেন- তা নিশ্চিত নয়।”

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৃষ্টির কারণে ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় ভাস্কর্যটি নিজের ভারে উল্টে গেছে। পাশেই বাঘ শাবকের ভাস্কর্যটি আগের অবস্থাতেই আছে।

সাউথ এশিয়ান গেমস উপলক্ষে ঢাকার সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ২০১০ সালে পান্থকুঞ্জ সংলগ্ন সড়কদ্বীপে কংক্রিটের তৈরি রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য দুটি বসানো হয়। সেগুলোতে বাংলাদেশের জাতীয় পশুর জৌলুস সঠিকভাবে এসেছে কি-না সে প্রশ্নও উঠেছিল সে সময়।    

রোদ-বৃষ্টির প্রতাপে বাঘ দুটি গায়ের রঙ হারানোয় ২০১৩ সালে সেগুলো নতুন করে রঙ করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক প্রতিষ্ঠানকে এই ভাস্কর্য তৈরি ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই প্রতিষ্ঠানের নাম এ মুহূর্তে বলতে পারব না। তবে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম মিজান।”

বাঘটি কেন উল্টে পড়ল এবং এর পেছনে ওই প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কি-না, তা তদন্ত করা হবে বলে প্রধান নির্বাহী জানান।  

কলাবাগার থানার ওসি বলেন, “যেহেতু একজন মারা গেছেন, আপাতত একটি অপমৃত্যু মামলা করে রাখা হবে।”