লজ্জা থাকলে খালেদা কেক কাটতেন না: ডেপুটি স্পিকার
জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
“সামান্যতম লজ্জা থাকলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে তিনি কেক কাটতেন না,” বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রবীণ রাজনীতিক ফজলে রাব্বী বলেন, “জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন ততদিন বা এরশাদের আমলেও কিন্তু খালেদা জিয়া ১৫ অগাস্ট জন্মদিন পালন করতেন না। যদি উনার জন্মদিন ওই দিন হয়েও থাকে তারপরও সামান্যতম শ্রদ্ধা থাকলে উনি পালন করতেন না।”
সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “উনার (খালেদা জিয়া) স্কুলের ভর্তি, কাবিননামা, পাসপোর্টে যদি একই জন্মদিন থাকত, তাহলে না হয় মানা যেত। জন্মতারিখের তো মিলই নাই।”
স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, “জিয়াউর রহমান যতদিন বেঁছে ছিলেন উনি কখনও নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি। আজ জিয়া বেঁচে থাকলে কানে আঙুল দিতেন।”
বঙ্গবন্ধু হত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করে তিনি বলেন, “যেসব আর্মি অফিসার জাতির জনককে হত্যা করেছে তারা জিয়ার সঙ্গে আলোচনা করেনি, এটা কেউ বিশ্বাস করবে?”
বাংলাদেশ ঠিকাদার কল্যাণ সমিতির(গণপূর্ত বিভাগ-১) এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু দায়েন মীর।
