চট্টগ্রামে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
পারিবারিক কবরস্থানকে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ এবং অন্য একটি কবরস্থানের রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে বুধবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাগুলো করেন।
মামলার আসামিরা হলেন- লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী নেতা ওমর ফারুক, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইয়ূব আলী, প্রকল্প সভাপতি নুরুল কবির ও এলজিইডি লোহাগাড়া উপজেলার প্রকৌশলী আবু তৈয়ব।
দুদক কর্মকর্তা আখেরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদুয়ার মালিপাড়ায় পারিবারিক কবরস্থানকে প্রকল্প দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পদুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ও ইউপি সদস্য আইয়ূব আলীকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
এছাড়া ভিটি কবরস্থানের সীমানা প্রাচীর ও রাস্তা নির্মাণ না করে যথাক্রমে ২২ হাজার ২৯৭ টাকা ও ৯৮ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের অভিযোগে অন্য দুটি মামলা করা হয়েছে।
এসব মামলায় সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ও আইয়ূব আলী ছাড়াও প্রকল্প সভাপতি নুরুল কবির ও এলজিইডির প্রকৌশলী আবু তৈয়বকে আসামি করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, দুদক কর্মকর্তা বাদী হয়ে বুধবার মামলা তিনটি করেন।
