৩ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক ঢাকার দুই ব্যবসায়ী
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যাওয়ার পথে ঢাকার দুই ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশ।
গ্রেপ্তার মো. ইসামুল হক খান ওরফে সায়মন (৩৫) ও আমির খানের (৩২) বাড়ি শরিয়তপুরে।
বৃহস্পতিবার ভোরে শাহ আমানত সেতুর কাছে তল্লাসি চৌকিতে একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সায়মন জানিয়েছেন, ঢাকার গুলশান ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে তার প্যান্টের একটি দোকান আছে।
আর আমির ঢাকার শ্যামপুরে বোতামের কারখানা থাকার কথা জানিয়েছেন, বলেন ওসি মহসিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহনের’ একটি বাস থেকে তাদের আটক করা হয়।
“তাদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের তলায় কাপড় দিয়ে বিশেষভাবে ইয়াবার কয়েকটি ছোট প্যাকেট আটকানো ছিল। এসব প্যাকেটে ২ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া গেছে।”
