২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট খারিজ, ইসির শুনানিতে ‘যেতেই হবে’ লতিফকে

সংসদ সদস্যপদ থাকবে কি না- সে বিষয়ে নির্বাচন কমিশনের তলব চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীর করা রিট আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 12:02 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

এতে করে আগামী ২৩ অগাস্ট নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হওয়া ছাড়া লতিফ সিদ্দিকীর সামনে আর কোনো বিকল্প থাকছে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।  

নির্বাচন কমিশনের ওই শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে লতিফ যে রিট আবেদন করেছিলেন, বৃহস্পতিবার তা সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ।

এ বিষয়ে দুই দিন শুনানির পর আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দিয়েছিল।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম।

আদেশের পর খোরশেদুল আলম বলেন, “নির্বাচন কমিশন লতিফ সিদ্দিকীকে যে নোটিস দিয়েছে, তাতে আইনের কোনো বত্যয় ঘটেনি। বিষয়টি মীমাংসা বা নিষ্পত্তির এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে।

“রিট আবেদনকারীর কোনো বক্তব্য থাকলে তিনি তা কমিশনের শুনানির সময় উপস্থাপন করতে পারেন। এসব দিক বিবেচনা করে আদালত রিট আদেনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।”

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “মক্কেলের সঙ্গে আলোচনা করে আমরা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।”

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারান। সেই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন।

দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি।

লতিফকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়। এরপর সংবিধান, মেম্বার অফ পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে বিতর্ক নিষ্পত্তির কার্যক্রম নেওয়া হয়।

এ অবস্থায় লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ পরিপ্রেক্ষিতে মেম্বার অব পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট অনুযায়ী ১৬ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীকে লিখিত বক্তব্য দিতে বলে ইসি। ২ অগাস্ট দুজনই তাদের জবাব কমিশনে পাঠান।

আশরাফের চিঠিতে বলা হয়, দল থেকে বহিষ্কৃত হওয়ায় লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ না থাকাই সঙ্গত।

অন্যদিকে লতিফ সিদ্দিকী তার সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এরপরই শুনানির সিদ্ধান্ত নেয় ইসি।

লতিফ ও সৈয়দ আশরাফকে আগামী ২৩ অগাস্ট শুনানিতে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

লতিফ যে রিট আবেদন করেছিলেন, তাতে কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি জানানোর পাশাপাশি ওই চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে রুলও চাওয়া হয়।

নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপসচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে রিট আবেদনে বিবাদী করেন লতিফ।

পুরনো খবর:

লতিফ সিদ্দিকী-আশরাফকে ২৩ অগাস্ট ডেকেছে ইসি
সাংসদ পদ: লতিফ-আশরাফের মুখোমুখি বক্তব্য শুনবে ইসি
আ.লীগ ভুল করেছে: লতিফ
ইসির তলব চ্যালেঞ্জ করে হাই কোর্টে লতিফ