২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ দেখতে গিয়ে খুন হলেন আবাসন প্রতিষ্ঠানের এমডি

চট্টগ্রামের বাকলিয়ায় ভবন নির্মাণের চুক্তি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 11:32 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

নিহত আফতাব উদ্দিন আল কাদের (৩৬) ‘ওয়ান প্রপার্টিজ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

বুধবার গভীর রাতে বাকলিয়া থানার আব্দুল লতিফ হাটখোলা এলাকায় তিনি খুন হন বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হারিছপাড়ার শফিক আহমেদের ছেলে আফতাব বাকলিয়ার বেলাখান মসজিদ এলাকায় থাকতেন।

ওসি মহসিন বলেন, বেলাখান মসজিদ এলাকায় ছৈয়দুর রহমান নামে এক ব্যক্তির জমিতে বহুতল ভবন নির্মাণ করছে ওয়ান প্রপার্টিজ। ভবন নির্মাণের চুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ছৈয়দুর রহমানের বিরোধ ছিল।

বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ছৈয়দুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাতে তার লাশ দেখতে তার বাসায় গিয়েছিলেন আফতাব ও তার তিন বন্ধু।

“এ সময় হঠাৎ করেই ছৈয়দুর রহমানের ছোট ছেলে সাইফুর রহমান সিদ্দিকী আকাশ ছুরি নিয়ে আফতাবের ওপর চড়াও হন।”

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আফতাবকে রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান।

ওসি মহসিন জানান, ঘটনার পর থেকে আকাশ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।