ঢাকায় বাসচাপায় দুই দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যু
ঢাকার বিমানবন্দর সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় আহত দৃষ্টিপ্রতিবন্ধী এক নারী ও এক পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিমানবন্দর থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত নারীর বয়স আনুমানিক ৩৮ বছর; অন্যজনের ৪০ এর মত। তাদের পরিচয় পুলিশ জানতে পারেনি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনের রাস্তায় বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হয়েছিলেন বলে জানান ওসি।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় দোতলা বাসটি তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ভোররাতের দিকে তারা মারা যান।
“নিহত দুজনেই অন্ধ। আমরা অন্ধ কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করেছি। এর আগেও একজন অন্ধ মারা গিয়েছিলেন, তখন সমিতির লোকেরা এসে শনাক্ত করেছিলেন। আশা করছি, এবারও সমিতির লোকেরা এলে তাদের নাম-পরিচয় জানা যাবে।”
দুর্ঘটনার জন্য দায়ী বিআরটিসির গুলিস্থান-গাজীপুর রুটের ওই বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি কামাল উদ্দিন জানান।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
