বিচারকের শিশু গৃহকর্মীর দেহে নির্যাতনের ক্ষত
সাতক্ষীরার এক বিচারকের বাসা থেকে ১০ বছরের এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে, যার দেহের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষত রয়েছে বলে পুলিশ ও চিকিৎসক জানিয়েছেন।
বুধবার বিকালে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান।
পরে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারক নূরুল ইসলাম ও তার স্ত্রী নাতাশা প্রায়ই তাকে নির্যাতন করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
সাতক্ষীরা শহরের টাউনবাজার সেতুর বিপরীতে পলাশপোল মহল্লার একটি বাসায় ভাড়া থাকেন নুরুল ইসলাম। তার বাড়ি চুয়াডাঙ্গা উপজেলার আলমডাঙায়।
সহকারী পুলিশ সুপার আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম তার বাসার কাজের মেয়েকে নির্যাতন করেছেন বলে খবর পেয়ে বিকালে তার বাসায় যায় পুলিশ। এ সময় নুরুল ইসলাম বাইরে ছিলেন। প্রায় দেড় ঘণ্টা পর ভিতর থেকে ঘরের দরজা খোলা হয়।
“মেয়েটির দেহে অনেকগুলি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি আরও নিশ্চিত করে বলা যাবে।”
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
নাসির উদ্দিন নামে এই বিচারকের এক প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে মেয়েটি বাসার বারান্দায় দাঁড়িয়ে ‘পানি দাও, পানি খাব’ বলে আকুতি জানালে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় তারা তাকে সাহায্য করতে পারেননি।
ঘটনা জানার পর সদর থানার ওসি এমদাদ শেখ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলেও ঘণ্টা দেড়েক পুলিশকে ঘরে ঢুকতে না দেওয়ায় বিপাকে পড়ে যান তারা।
পরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নম্বর-১ শিমুল কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী ও এএসপি আনোয়ার সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে বিকাল সাড়ে ৪টার দিকে দরজা খুলে দেওয়া হয়। গৃহকর্তা নূরুল ইসলাম এ সময় তাদের সঙ্গেই ছিলেন।
এরপর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তার গায়ে পোড়া, ছ্যাঁকা এবং আঘাতের ৩০টিরও বেশি চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘরের দরজা খোলার পর মেয়েটি তার ক্ষতচিহ্ন দেখাতে বার বার অস্বীকৃতি জানায়। ওড়না দিয়ে মাথা ছাড়াও পিঠ ও হাত ঢেকে রাখার চেষ্টা করে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও নারী অধিকার কর্মী নাসরিন খান লিপির অনুরোধে সে ক্ষত চিহ্নগুলি দেখায়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপস্থিত সাংবাদিকরা তা প্রত্যক্ষ করেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম এ সময় সেখানে নির্বিকার দাঁড়িয়ে থেকে বলেন, “তার দেহে এগুলি কীসের দাগ তা তার কাছে জিজ্ঞাসা করুন।”
এরপর তিনি বারবার সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার স্ত্রী নাতাশা সেসময় ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে বসে ছিলেন।
মেয়েটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ মে তার ছেলে তানজিম আহমেদ (৩) ঘরে রাখা টেলিভিশনের ট্রলিতে চাপা পড়ে মারা যায়। তার কিছুদিন পর ওই মেয়েটিকে বাসায় আনেন।
প্রতিবেশীদের কয়েকজন জানান, নুরুল ইসলাম ও তার স্ত্রী প্রায়ই শিশুটির উপর নির্যাতন করতেন। প্রতিবেশীরা মেয়েটির চিৎকার শুনে এগিয়ে এলেও তাদের সঙ্গে তাকে কথা বলতে দিতেন না। সব সময় তাদের ঘরের দরজা বন্ধ থাকত।
উদ্ধারের পর গায়ের ক্ষত চিহ্নগুলো সম্পর্কে জানতে চাইলে মেয়েটি বলে, “এগুলি সব মশার কামড়ের দাগ।”
বারবার সে একই কথা বলতে থাকে।
সে বলে, “সে ভাল আছে। কেউ তাকে মারধর করেনি। খালা ও খালু (বিচারক ও তার স্ত্রী) তাকে খুব ভালবাসেন।”
পরে মেয়েটি জানায়, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড় আমিয়ান গ্রামে। তার বাবার চার বিয়ে। সে ক্লাস থ্রিতে পড়ার সময় তার মা মারা যান।
কাকা পরিচয়ের সাতক্ষীরা আদালতের কর্মচারী সোহরাব হোসেন তাকে ম্যাজিস্ট্রেট নূরুল ইসলামের বাড়িতে কাজে দেন।
