ভিসা আর বদলি হাজি নিয়ে জটিলতা, দুর্ভোগ
ফ্লাইট নির্ধারিত থাকলেও ভিসা না পাওয়া এবং বদলি হজের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় হয়রানির মধ্যে পড়েছেন সৌদি আরব যাওয়ার অপেক্ষায় থাকা অনেক হজযাত্রী।
মঙ্গলবার দুপুরে হজ ক্যাম্পে সরেজমিন ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
রফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম নামে দুই হজযাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান, স্ত্রীদের নিয়ে তাদের হজে যাওয়ার কথা ছিল। তবে তাদের স্ত্রীরা ভিসা পেলেও নিজেদেরটা মেলেনি।
সেজন্য সোমবার দুপুরে ফ্লাইট ঠিক করা থাকলেও চারজনকেই যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে।
তারা অভিযোগ করেন, এর পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই দুই জন হজ ক্যাম্পের বিভিন্ন কক্ষে ঘুরছেন; কিন্তু উত্তর পাচ্ছেন না, কখন ভিসা পাবেন কিংবা কখন যাত্রা করবেন সৌদি আরবের উদ্দেশ্যে।
আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কী দোষ করলাম? সরকারিভাবে যা বলা হয়েছে তা-ই করেছি। ফ্লাইট শিডিউল পেয়ে যেতে পারলাম না।এখন এই অফিস থেকে ওই অফিসে ঘুরতেছি।”
অন্যদিকে অসুস্থতাসহ নানা কারণে কয়েকশ বদলি হাজির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না দেওয়ায় সৃষ্টি হয়েছে বিভিন্ন জটিলতা। নিবন্ধনকৃত অল্প কয়েকজনের স্থলে বদলি হাজি নিতে অন্য সবার যাত্রা আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে।
হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের সময় সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভুল মাপের ছবি দেওয়ার কারণে কয়েকশ জন ভিসা পাননি। তবে সৌদি দূতাবাসের সঙ্গে বাংলাদেশের আইটি বিশেষজ্ঞরা মিলে সেটা সমাধান করছেন।
‘বিজনেস অটোমেশন’ নামে একটি প্রতিষ্ঠান হজ অফিসের কারিগরি সহায়তার কাজটি করছে।
প্রতিষ্ঠানের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এসএম রাশিদুল হাসান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজ্জ নিবন্ধনের ক্ষেত্রে সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে ছবির মাপ বলা হয়েছিল ৫-৫০ কিলোবাইট। সে অনুযায়ী আমাদের হজ্জ মন্ত্রণালয় থেকে ৫-১৫ কিলোবাইটের মধ্যে ছবি রাখতে বলা হয়।
“কিন্তু পরে দেখা যায়, ৫-৮ কিলোবাইটের বড় ছবি নিবন্ধনকারীদের ভিসা প্রিন্ট করতে পারছে না সৌদি দূতাবাসের সফটওয়্যার। এ কারণে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ২ হাজার ৭৫৮ জনের মধ্যে প্রায় সাড়ে তিনশ জনের ভিসা আসেনি।”
তবে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ৯৯ হাজার ১৫৮ জনের মধ্যে একই কারণে কতজনের ভিসা হয়নি তা জানাতে পারেননি রাশিদুল।
তবে এই সংখ্যা সরকারি ব্যবস্থাপনার সমানুপাতে বা তার চেয়ে বেশি মাত্রায় হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
একই দিন বদলি হাজি বা নিবন্ধনকৃত একজনের বদলায় অন্যজনকে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় এই অফিস থেকে ওই অফিসে ভিড় জমাতে দেখা যায় হজ এজেন্সি কর্তাদের। বিভিন্ন অফিসে গিয়ে হট্টগোলও দেখা যায়।
চট্টগ্রামের হজ এজেন্সি ‘শাহ মজিদিয়া রশিদিয়া হজ্জ কাফেলা’র পরিচালক আসাফ উদ দৌলা জানান, তার এজেন্সিতে ৮০ জন নিবন্ধনকারীর মধ্যে ৬ জনের বদলিতে তাদের পরিবারের অন্য সদস্য যাবেন। চার জনের বিষয়ে ৭ অগাস্ট এবং অন্য দুই জনের বিষয়ে সোমবার আবেদন করা হয়েছে।
“ছয় জনের কারণে অন্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কোনো উত্তর না পেয়ে এখানে-ওখানে ঘুরতেছি।”
হজ পরিচালক (উপসচিব) ড. আবু সালেহ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি ব্যবস্থাপনার হাজিদের মধ্যে ১ হাজার ৫২৪ জন ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সোমবারের একটি ফ্লাইটে ৪১৯ জনের স্থলে ২৭৫ জনকে পাঠানো সম্ভব হয়। বাকি আসন পূর্ণ করা হয় বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দিয়ে।
দুর্ভোগের বিষয় স্বীকার করে তিনি বলেন, “ভিসা নিয়ে জটিলতা এখন আর নেই। দূতাবাসকে আমাদের পক্ষ থেকে টেকনিক্যাল সহায়তা দিয়ে ভিসা জটিলতা মিটিয়েছি। যারা ফ্লাইট মিস করেছে, তাদেরকে পরের ফ্লাইটগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে।”
বদলি হাজিদের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, “এ বিষয়ে আমি এখনই কোনো কথা বলতে পারব না। এটা উপর মহল সিদ্ধান্ত নেবে।”
