২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা

চট্টগ্রাম বন্দর ভবনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দরপ্রস্তাব ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে একটি প্রতিষ্ঠানের পক্ষে থানায় একটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বুধবার বন্দর থানায় মামলাটি করেন বেসরকারি প্রতিষ্ঠান শামস মেরিন সার্ভিস এর ব্যবস্থাপক আবদুল মালেক।

মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল বড়ুয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দর ভবনের তৃতীয় তলায় রাহুল বড়ুয়ার নেতৃত্বে আসামিরা আমার হাত থেকে টেন্ডার শিডিউল ছিনিয়ে নেয়।

“তারা আমার পকেটে থাকা ৪ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়। ওই প্রতিষ্ঠানে চাকরি করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমার প্রতিষ্ঠানের মালিক যেন আর বন্দর ভবনে না যায়, সে হুমকিও দেয়।”

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ অগাস্ট পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বয়া মেরামতের একটি টেন্ডার আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ২৩ অগাস্ট ওই টেন্ডারটি খোলার দিন নির্ধারিত আছে।

শামস মেরিন সার্ভিস লিমিটেডের মালিক নগর আওয়ামী লীগের কমিটির সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস।

ছাত্রলীগ নেতা রাহুল বড়ুয়ার দাবি, রোটারিয়ান ইলিয়াসের সঙ্গে পূর্ব ঝগড়ার জেরে এ ঘটনায় তার নাম জড়ানো হয়েছে। ঘটনার দিন তিনি বন্দর ভবনে যাননি।