‘সমাজে ঐক্য আনতে কার্যকরী রেস্টরেটিভ জাস্টিস’
নতুন ধারণা হিসেবে ‘রেস্টরেটিভ জাস্টিসের’ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার রাজধানীর একটি হোটেলে ‘রেস্টরেটিভ জাস্টিস: ফ্রম ক্রাইম প্রিভেনশন টু কনফ্লিক্ট ট্রান্সফরমেশন’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এ আহ্বান জানান।
‘রেস্টরেটিভ জাস্টিস’ হলো সমাজে সংঘটিত ‘ক্ষতিকর ঘটনার’ মীমাংসার একটি প্রক্রিয়া, যেখানে অপরাধীকে শাস্তির বদলে বাদীপক্ষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া হয়। এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত, অভিযুক্ত এবং কমিউনিটির সদস্যরা অংশগহণ করেন। একজন সহায়কের মাধ্যমে অংশীজনেরা ঘটনার নিষ্পত্তিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন।
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
‘রেস্টরেটিভ জাস্টিস’ অপরাধী ও অভিযোগকারীর মধ্যে দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন স্পিকার।
সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং কারাগারের উপর চাপ কমাতে এই পদ্ধতি কার্যকর বলে মনে করেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জার্মান সাহায্য সংস্থা জিআইজেড, ব্রিটিশ সংস্থা ডিএফআইডি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
স্পিকার বলেন, “বাংলাদেশের সংবিধানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।”
‘রেস্টরেটিভ জাস্টিস’ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট নজরে রাখতে নির্দেশনা দেন শিরীন শারমিন।
অনুষ্ঠানে আলাপচারিতায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফেরডিনান্ড ফন ভাইয়া, ডিএফআইডির আবাসিক প্রতিনিধি সারাহ কুক, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর টোবাইস বেকার বক্তব্য রাখেন।
