আরও কর্মী নিতে সৌদি আরবকে আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ থেকে আরও দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ জনশক্তি নিতে সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিতে গেলে আবদুল হামিদ এই আহ্বান জানান।
নতুন দূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন রাষ্ট্রদূতের কর্মকালে আরও শক্তিশালী হবে।”
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ইয়েমেন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বৈধ সরকার প্রতিষ্ঠায় সৌদি আরবের গ্রহণ করা সব পদক্ষেপের প্রতি বাংলাদেশের নিরঙ্কুশ সমর্থনের কথা রাষ্ট্রপতি জানিয়েছেন বলে প্রেস সচিব জানান।
আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বলেন, “তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়।”
দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও রাষ্ট্রপতিকে প্রতিশ্রুতি দেন নতুন রাষ্ট্রদূত।
রাষ্ট্রপতি এসময় প্রতি বছর বাংলাদেশি হজ যাত্রীদের সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সৌদি বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে নতুন দূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।
