চট্টগ্রাম বন্দরের এনসিটির দুই জেটি অক্টোবরে চালুর আশা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চার ও পাঁচ নম্বর জেটি আগামী ১ অক্টোবর থেকে চালু হবে বলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন।
বুধবার দুপুরে বন্দর ভবনের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বন্দর চত্বরে খালি কন্টেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় করণীয় ঠিক করতে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে এ বৈঠক হয়।
এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, “সাত বছর আগে নির্মাণ শেষ হলেও দুভার্গ্যজনকভাবে এনসিটি পুরোপুরি চালু করা যায়নি। আগামী অক্টোবর থেকে এনসিটির দুটি জেটিতে কন্টেইনার ওঠা-নামা শুরু হবে।”
এনসিটির চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনায় বেসরকারি অপারেটরদের সঙ্গে গত ২৫ জুন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
যৌথভাবে কাজটি পেয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, এম এইচ চৌধুরী লিমিটেড এবং এ অ্যান্ড জে ট্রেডার্স।
এর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৪০ শতাংশ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মালিকানাধীন এম এইচ চৌধুরী লিমিটেডের ৩০ শতাংশ এবং নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর প্রতিষ্ঠান এ অ্যান্ড জে ট্রেডার্সের ৩০ শতাংশ অংশীদারিত্ব আছে।
এনসিটির চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনার চুক্তি অনুসারে আগামী দুই বছর জেটি দুটিতে মোট সাত লাখ এক হাজার চারশ কনটেইনার ওঠা-নামা নিয়ন্ত্রণ করবে বেসরকারি অপারেটররা।
এ বিষয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেটি দুটি পরিচালনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যে সব যন্ত্রপাতি আমদানি শেষ হবে।”
জেটি দুটি চালু করতে অক্টোবরের শেষ পর্যন্ত সময় নির্ধারিত আছে জানিয়ে তিনি বলেন, “আমরা অক্টোবরের শুরুতেই চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশাকরি সফল হব।”
বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, কন্টেইনার আমদানি যে হারে বেড়েছে, রপ্তানি সে হারে বাড়েনি। এতে আমদানি পণ্যভর্তি কনটেইনার থেকে পণ্য খালাসের পর খালি কনটেইনারের সংখ্যা বাড়ছে।
“খালি কন্টেইনার অপসারণে জাহাজ কোম্পানিগুলো প্রতি সপ্তাহে একটি বিশেষ জাহাজ চট্টগ্রাম বন্দর রুটে নামাবে বলে সিদ্ধান্ত হয়েছে। এতে খালি কনটেইনারের সংখ্যা বাড়বে না।”
খালি কন্টেইনারের সংখ্যা কমাতে প্রতি সপ্তাহে দুই হাজার করে কন্টেইনার সরানোর সিদ্ধান্ত হয়েছে বলে চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন ও প্ল্যানিং) জাফর আলম জানিয়েছেন।
