পল্লবীতে এক অসুস্থ তরুণীকে উদ্ধার
রাজধানীর পল্লবীতে একটি কোচিং সেন্টারের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মিরপুর ১২ নম্বর সেক্টরের ‘ডেফোডিল কোচিং সেন্টার’র পাশের রাস্তা থেকে আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরুণীটি অপ্রকৃতিস্থ। কখনও হাসে, কখনও সে কাউকে মারতে আসে।”
রক্তাক্ত অবস্থায় পাওয়ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মেয়েটি ধর্ষিত হয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, “রক্ত অনেক কারণে ঝরতে পারে। হাসপাতালে পরীক্ষার পর রক্তক্ষরণের কারণ নিশ্চিত হওয়া যাবে।”
