২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গ্রেনেড উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা এলাকায় একটি কাঠ বাগানে অভিযান চালায় পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে এ অভিযানে পলিথিনে মোড়ানো ওই গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করা হয়।

“উদ্ধারকৃত ৪ রাউন্ড গুলির মধ্যে এক রাউন্ড একে ৪৭ রাইফেলের এবং বাকি তিন রাউন্ড রিভলভারের।” 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি জিডি করা হয়েছে বলে ওসি জানান।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, উদ্ধারকৃত গুলি ও গ্রেনেডগুলোতে জং ধরেছে।

ওই হ্যান্ড গ্রেনেড দুইটি ও ৪ রাউন্ড গুলি সক্রিয় না কি নিষ্ক্রিয় তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান তিনি।