২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত অটোচালকের পরিবার ক্ষতিপূরণ পায়নি

বাসের ধাক্কায় নিহত এক অটোরিকশা চালকের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার কথা বললেও দিচ্ছে না এন মল্লিক পরিবহনের মালিকপক্ষ।

আসাদুজ্জামান সুমন

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 05:18 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

গত ১২ অগাস্ট কেরাণীগঞ্জে এন মল্লিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোশারফ হোসেন (৪৫)।

মোশারফের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলায় তারা থানায় মামলা করেনি। কিন্তু এন মল্লিক পরিবহন কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।

মোশারফের স্ত্রী ফাতেমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন থেকে এপর্যন্ত বার বার সমঝোতার আশ্বাস দিয়েও কোনো ব্যবস্থা নেয়নি এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিক।

নার্গিস মল্লিকের ছোট ভাই মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপা অসুস্থ হয়ে হাসপাতালে গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি তাকে অবগত করা হয়েছে।”

সুস্থ হওয়ার পর বিষয়টি তিনি নিজেই দেখবেন বলে জানান মোখলেছুর।

কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্বজনরা সমঝোতার মাধ্যমে কোনো কিছু না হলে মামলা করবেন বলে জানিয়েছেন।

“তারা যদি মামলা না করেন তাহলে আমাকেই বাদী হয়ে মামলা করতে হবে।”

ওসি জানান, ঘটনার পর থেকেই গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। দুই পক্ষের সমঝোতা না হওয়া পর্যন্ত গাড়ি আটক রাখা হবে।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ই অগাস্ট এন মল্লিক পরিবহনের কর্মচারীরা ওই গাড়ির ড্রাইভার হাবিবকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

“তখন খবর নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই। তাই তাকে পরদিন ছেড়ে দেওয়া হয়।”

গত ১২ ই অগাস্ট বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মাল আনতে কদমতলি যাচ্ছিলেন মোশারফ হোসেন।

পথে কেরাণীগঞ্জের ডায়মন্ড মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড সংলগ্ন এলাকায় এন মল্লিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোশারফের মৃত্যু হয়।

মোশারফের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই শিশু কন্যা।