২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কর্মসূচির নামে বৃক্ষ নিধন মানা যায় না: রাষ্ট্রপতি

রাজনৈতিক কর্মসূচির নামে যারা বৃক্ষ নিধন করে তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 01:12 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

তিনি বলেছেন, “দুঃখজনক হলেও এটা সত্য যে, অনেক সময় রাজনৈতিক কর্মসূচির নামে কিছু লোক নির্বিচারে বৃক্ষনিধন করে থাকেন। অশুভ রাজনৈতিক ফায়দা লাভের জন্য এ ধরনের ঘৃণ্য কাজকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই জনগণকে তাদের ব্যাপারে সচেতন হতে হবে।”

মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে ‘বঙ্গভবনে বৃক্ষ রোপন’ কর্মসূচি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৫ এর অংশ হিসেবে বঙ্গভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে এক প্রশ্নের উত্তরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিএনপির হরতাল ও অবরোধের মত রাজনৈতিক কর্মকাণ্ডে বন বিভাগের ১৪ হাজার ২৭০টি গাছ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।

এর আগে বিগত নবম সংসদে তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, ২০১৩ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ও হেফাজতে ইসলামের ‘তাণ্ডবে’ নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহের মোট ৪১টি উপজেলার বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১০ হাজার ৪২টি গাছ কেটে ফেলা হয়েছে।

জলবায়ু পবির্তনের সমস্যাকে ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্বের সব দেশের জন্যই মারাত্মক হুমকি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এ সমস্যার মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাবলী এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে জনগণকে জানাতে হবে।

“জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনজ সম্পদের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। অপরদিকে কমছে বনভূমি। বনজ ফলদি-ঔষধি বৃক্ষ সমৃদ্ধ সবুজের সমারোহ গড়ে তুলতে বৃক্ষরোপন ও পরিচর্যার পাশাপাশি বৃক্ষ নিধন রোধে সরকারি উদ্যোগকে সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক।

“মানবসৃষ্ট কারণে নিঃসরিত গ্রিন হাউজ গ্যাসের কারণেই আবহাওয়া ও জলবায়ু পরিবর্তিত হয়ে ঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে।”

তিনি বলেন, “পাখির কলতানে মুখরিত এ শ্যামল বাংলা আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের এক নির্মম শিকার। অপরিকল্পিত নগরায়ন, বনভূমিকে কৃষি জমিতে রূপান্তর, বসত বাড়ি ও শিল্প কারখানার সম্প্রসারণসহ নানা কারণে কমছে বনজ সম্পদ, হারাচ্ছে জীববৈচিত্র্য।”

জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

জলবায়ুর এই পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রামীণ ও নগরে সবুজ আচ্ছাদন গড়ে তুলতে ধর্ম-বর্ণ-গোত্র এবং দল-মত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বানও জানান আবদুল হামিদ।

শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা রাখার ওপরও সেসময় জোর দেন রাষ্ট্রপতি।

“শিল্প কারখানা স্থাপনের সময় পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রতিটি শিল্প-কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকতে হবে।”

অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধান বৃক্ষপালনবিদ শেখ মো. কুদরত ই খুদা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুর সংলগ্ন বাগানে একটি দারুচিনি গাছের চারা রোপন করেন।