২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার সদস্য হত্যামামলায় গাড়িচালক রিমান্ডে

রাজধানীর তেজগাঁওয়ে আনসার সদস্যকে চাপা দিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার গাড়িচালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 12:19 AM

Updated : 22 Aug 2022, 01:03 PM

কভার্ড ভ্যানচালক মাঈনুদ্দিন আনসার সদস্য শাহিন আলমকে চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজি প্রেসের সামনে কভার্ড ভ্যান রাখা নিয়ে তর্কাতর্কির জের ধরে আনসার সদস্য শাহিনকে হত্যা করা হয়।

সোমবার মধ্যরাতে তেজগাঁও লাভ রোডের মাথায় কভার্ড ভ্যানের চাপায় শাহিন নিহত হওয়ার পরপরই মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ময়না তদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনের লাশ গ্রহণ করে তার পরিবার। গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শাহিনের বাবা ফজলুর রহমান ছেলে হত্যার অভিযোগ এনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছেন। তাতে কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীদের আসামি করেছেন তিনি।

ওই মামলায় আদালতের মাধ্যমে মাঈনুদ্দিনকে তিন দিনের রিমান্ডে পাওয়া গেছে বলে শিল্পাঞ্চল থানার ওসি মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “প্রাথমিকভাবে সে হত্যার ঘটনার বর্ণনা পুলিশের কাছে দিয়েছে। তার দুই সহযোগীকে খুঁজছে পুলিশ।”

শাহিন সহকর্মী শান্তনু মজুমদারের সঙ্গে সোমবার রাতে সাত রাস্তার কাছে বিজি প্রেসের সামনে দায়িত্ব পালন করছিলেন।

তখন গাড়ি রাখা নিয়ে কভার্ড ভ্যানচালক মাঈনুদ্দিনের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে শাহিনকে তুলে নিয়ে কিছু দূর গিয়ে চাপা দিয়ে হত্যা করা হয় বলে শান্তনুর দাবি।  

মামলার এজাহারে ফজলুর রহমান বলেন, “শান্তনু আমাকে বলেছে, বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহিনকে ভ্যানচালক মাঈনুদ্দিন, হেলপার আমিরুল ইসলাম এবং মাঈনুদ্দিনের বন্ধু সেলিম মিয়া জোর করে ভ্যানে তুলে ভ্যানটি চালানো শুরু করে।

“লাভ রোডের সামনে আসার পর শাহিনকে ভ্যান থেকে ফেলে দিয়ে ওরা শাহিনের উপর দিয়ে ভ্যানটি চালিয়ে তাকে হত্যা করে।”

রাতে মৃত্যুর আগে কভার্ড ভ্যানের দরজা ধরে শাহিনকে ঝুলতে দেখার কথা মানিক নামে এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

মানিক মিয়া নামে ওই ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ির সামনের দরজায় ওই আনসার সদস্য ঝুলছিলেন। খুব সম্ভবত মোড় ঘোরার সময় তিনি রাস্তায় পড়ে গেলে ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।”

ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সততার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ছেলের প্রাণ দিতে হয়েছে, তাকে খুন করা হয়েছে। আমি অপরাধীদের বিচার চাই।”

শাহিনের বাড়ি গাইবান্ধা জেলার চিনিরপটল গ্রামে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার স্ত্রী রওশন আরা নয় বছরের সন্তানকে নিয়ে টাঙ্গাইলে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

বড় ভাই আবদুস সামাদ কয়েক বছর আগে কিডনি জটিলতায় মারা যাওয়ার পর শাহিনই বাড়ির সব খরচ বহন করতেন বলে তার ভগ্নিপতি আবদুল ওয়ারেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।