মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ রাষ্ট্রপতির
প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হলে মামলার দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে হবে।
প্রধান বিচারপতি এসময় রাষ্ট্রপতিকে জেলা পর্যায়ে বিচার বিভাগের অবকাঠামোগত সমস্যা সম্পর্কে জানিয়ে বলেন, “প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কিছু কিছু ক্ষেত্রে সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না।”
মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতি তার গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি এসময় অবকাঠামোগত সমস্যা নিরসনে সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
