চট্টগ্রামে ওষুধের চার দোকানকে জরিমানা, দুটি সিলগালা
সনদ না থাকা এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চট্টগ্রাম নগরীতে ওষুধের চারটি দোকানকে জরিমানা এবং দুটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার শহরের চৌমুহনী ও বাদামতলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রুহুল আমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ব্যক্তি সাইফ ফার্মেসির নামে লাইসেন্স নিয়ে একটি ফার্মেসি চালু করেন। তার পাশের দোকানটিতে অন্য এক ব্যক্তি একই নামে আরেকটি ফার্মেসি চালু করেন।
“প্রথমটির সনদ নবায়ন করা হয়নি। দ্বিতীয়টির কোনো সনদই নেই। প্রথম দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে সনদ নবায়ন করতে বলা হয়েছে।”
সনদ না থাকায় সাইফ নামের অন্য ফার্মেসিটি সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রুহুল।
একই কারণে শুভ হোমিও হল নামের একটি ওষুধের দোকান সিলগালা করা হয় জানিয়ে তিনি বলেন, অভিযানে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে নিউ জনতা ফার্মেসিকে ১০ হাজার টাকা, এম অ্যান্ড এন ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
