রাজশাহীতে ট্রাকচাপায় একই পরিবারের ৭ জন নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের সাত জন নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ।
নিহতরা হলেন, উপজেলার দাস মাড়িয়া গ্রামের ভ্যান চালক বিদ্যুৎ চক্রবর্তী (৩৫), তার স্ত্রী বৃষ্টি রাণী (৩০), ভাই শ্যামল কুমার চক্রবর্তীর স্ত্রী সুমি রাণী (২৮), তাদের ছেলে রুদ্র কুমার চক্রবর্তী (০৭), আরেক ভাই দিলীপ চক্রবর্তীর মেয়ে পূজা রাণী (১২), চাচাতো ভাই বিধান চক্রবর্তীর ছেলে দিপু কুমার চক্রবর্তী (০৭) এবং সুমির ছোট বোন বিচিত্রা রাণী (২৪)।
তাহেরপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন এরা।
ওসি বলেন, পুঠিয়া থেকে তাহেরপুরগামী বালিবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছয় জন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় দিপু।
“দুর্ঘটনার বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে চালক জবান আলী ও তার সহকারী রশিদকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।”
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
