২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পেছাল কিবরিয়া হত্যার অভিযোগ গঠন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন আবার পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 06:18 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

অসুস্থতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে মঙ্গলবার আদালতে উপস্থিত করতে না পারায় সপ্তমবারের মতো এ মামলার অভিযোগ গঠন পেছাল।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত থাকলেও মামলার সব আসামি উপস্থিত না থাকায় বিচারক মকবুল আহসান ২৫ অগাস্ট অভিযোগ গঠনের দিন রেখেছেন।

মামলার ৩২ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র জিকে গৌছসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন।

এছাড়া এ মামলার আট আসামি জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন। 

কিশোর কুমার কর জানান, ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আর অসুস্থতার কারণে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি।

আদালত পরবর্তী তারিখে আরিফুলকে হাজির করার নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

গত ৩ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে এ মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া।

ওই হামলায় আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।