চাঁদপুরে ৩ বিএনপি নেতা কারাগারে
নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চাঁদপুরের একটি আদালত।
মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুসতাইম বিল্লাহ এ আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ তিন নেতা আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তা নাকচ করে।
অন্যরা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী।
মনিরুজ্জামান জানান, বিএনপির হরতাল-অবরোধের সময় গত ১৮ মার্চ চাঁদপুরের চান্দ্রা এলাকায় পেট্রোল বোমা হামলায় ট্রাক চালক ও ব্যবসায়ীসহ চার জন নিহত হয়।
ওই ঘটনায় পুলিশ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করে।
