২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়াতে নিয়ে স্কুলছাত্রীকে ‘গণধর্ষণ’

গাজীপুরের কালীগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিকসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলা আসামিরা হলেন- উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আফসার উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি (২৫), একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ (২২), শামস উদ্দিনের ছেলে নজরুল (৩০) ও মিনু মিয়ার ছেলে আরিফ (২৫)।

কালীগঞ্জ ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, রোববার রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে নবম শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেয়েটির বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, রোববার বিকালে মোটরসাইকেলে করে বেড়ানোর কথা বলে বন্ধু মাসুদসহ মেয়েটিকে নিয়ে দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে নিয়ে যায় তার কথিত প্রেমিক মতি। পরে সেখানে নির্জন একটি জায়গায় মেয়েটিকে অপেক্ষা করতে বলে তারা চলে যায়।

“কিছুক্ষণ পরে তিন সহযোগীকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে মতি। সোমবার ভোর ৪টার দিকে মেয়েটির চিৎকারে শুনে একদল যুবক এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং তার জবানবন্দি অনুযায়ী মতির বাড়িতে নিয়ে যায়।”

তবে মতি সে সময় বাড়িতে ছিলেন না।

এসআই বলেন, পরে মেয়েটিকে স্থানীয় ইউপি সদস্য জনাব আলীর কাছে নিয়ে যায় এলাকাবাসী। জামালপুর ইউপি পরিষদে নিয়ে মেয়েটিকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের পর দুপুরে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মুস্তাফিজুর।