২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় আবার ভাসমান লাশ

তিন দিনের মাথায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 12:59 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

দোহারের মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিস জানান, সোমবার সন্ধ্যায় ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের চর-দেওভোগ এলাকায় বস্তাবন্দি ভাসমান লাশটি পাওয়া যায়।

মঙ্গলবার সকালে ময়নাতদস্তের জন্য লাশ স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এর আগে শনিবার দুই দফায় পদ্মা নদীতে নারীসহ অজ্ঞাত পরিচয় দুই জনের লাশ উদ্ধার করা হয়।

এসআই আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। ওই ব্যক্তির পরনে গেঞ্জি ও অন্তর্বাস ছাড়া কিছু ছিল না।  

লাশ পচে গলে যাওয়ায় আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এসআই আনিস।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে ও রাতে পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় দুই নর-নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

নদীর স্রোতে লাশগুলো অন্য কোথাও থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি সিরাজুল।