‘র্যাবের ভয়ে’ পালাতে গিয়ে আহত যুবকের মৃত্যু
রাজধানীর শান্তিনগরে ‘র্যাবের ভয়ে’ পালাতে গিয়ে আহত এক ‘মাদক বিক্রেতা’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মো. বাবর (২৮) নামের ওই যুবক মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সরওয়ার জানান, “বাবর একজন মাদক বিক্রেতা ও মাদকসেবী ছিলেন।”
গত রোববার আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে নিয়েছিল র্যাব।
র্যাব অধিনায়ক সরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে শান্তিনগর মসজিদ মার্কেটে মাদক বিক্রেতা ও মাদকসেবীরা অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
“সেখানে রমজান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের মধ্যে বাবর একটি টিনশেড ঘরের চালার উপর থেকে পাশের তিনতলা বাড়ির সঙ্গে লাগানো একটি রড বেয়ে ওঠার সময় পিছলে নিচে পড়ে আহত হন।”
গুরুতর আহত অবস্থায় র্যাব তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
৩৬ ঘণ্টা পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবরের মৃত্যু হয় বলে র্যাব কর্মকর্তা খন্দকার গোলাম জানান।
