অপরাধ প্রমাণে চিকিৎসকদের সচেতন হওয়ার তাগিদ প্রধান বিচারপতির
সঠিক বিচার করতে চিকিৎসকদের কাজের গুরুত্ব তুলে ধরে এই পেশার ব্যক্তিদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
সোমবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে জুডিসিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্যে এই তাগিদ দেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, “হত্যা মামলার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা নিজে ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি না করে ডোমদের কাছ থেকে জেনে তা তৈরি করে থাকেন। আবার অনেক সময় জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরই গ্রিভিয়াস সার্টিফিকেট দিয়ে থাকেন, যা তারা দিতে পারেন না।
“এতে বিচারপ্রার্থীরা যেমন সঠিক বিচার থেকে বঞ্চিত হন। তেমনি বিচারকদেরও বিচারকাজে নানা সমস্যা পোহাতে হয়।”
নাবালিকাদের বয়স প্রমাণের ক্ষেত্রে চিকিৎসকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন প্রধান বিচারপতি।
শাস্তিমূলক অপরাধ হলে প্রতিটি থানায় মামলা নিতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “এতে আদালতের সময় বাঁচবে, বিচারপ্রার্থীরাও বিচার পাবেন।”
আগামী ৬ মাসের মধ্যে সিরাজগঞ্জ আদালতে বিচারাধীন মামলার অর্ধেকের বিচার শেষ করার নির্দেশনা দিয়ে প্রধান বিচারপতি বলেন, “বিকালে আইনজীবীরা আদালতে না থাকায় অনেক সময় বিচারকার্য চালানো যায় না। আশা করি, তারা আদালতে উপস্থিত থেকে এ কাজে বিচারকদের সহযোগিতা করবেন।”
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাছানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন বক্তব্য রাখেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম আনোয়ার পাশা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন দেবব্রত রায়, পিপি আব্দুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
