মীর কাসেম ও নিজামীর মামলা আপিল বিভাগের কার্যতালিকায়
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত আমির মতিউর রহমান নিজামী ও দলটির নেতা মীর কাসেম আলীর আপিল দুটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে।
সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় মীর কাসেমের আপিলটি আদেশের জন্য তিন নম্বর ক্রমিকে রয়েছে। একই বেঞ্চে কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে শুনানির জন্য রয়েছে নিজামীর আপিল।
এই বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
চলতি বছরের ২৮ মে আপিল বিভাগ মীর কাসেমের আপিলের সার-সংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) দাখিল করতে পক্ষদের সময় বেধে বেঁধে দেয়।
এর আগে ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিজামীর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষকে আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে সময় বেঁধে দিয়েছিল।
অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজামীর আপিল শুনানির জন্য প্রস্তুত হয়েছে, তালিকায় এসেছে। মীর কাসেম আলীর আপিলে আমাদের সার-সংক্ষেপ জমা দিতে বলা হয়েছিল। এ জন্য আমরা কয়েকদিন সময় চাইব।”
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছরের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধের দায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়।
যুদ্ধাপরাধের মামলায় গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ডের রায় দেয়।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর নিজামী আপিল করেন। আর মীর কাসেম ৩০ নভেম্বর আপিল করেন।
দেড়শ পৃষ্ঠার মূল আপিলসহ এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম আলী সাজা বাতিল চেয়ে খালাস চেয়েছেন।
৬ হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্রসহ নিজামীর করা আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরে সাজার আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়েছে।
জামায়াত নেতাদের আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত উভয়পক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে বলেছিল। মীর কাসেম আলীর আপিলে রাষ্ট্রপক্ষ সার-সংক্ষেপ দাখিল করেননি। বিষয়টি আদেশের জন্য এসেছে। মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য এসেছে।”
নিষ্পত্তি হয়েছে সাত
ট্রাইব্যুনালের দণ্ডাদেশের রায়ে বিরুদ্ধে করা সাতটি আপিল ইতোমধ্যে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে।
এর মধ্যে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে ওই বছর ১২ ডিসেম্বর দণ্ড কার্যকর করা হয়।
ঠিক এক বছর পর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি।
২০১৩ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজা দিলে ২০১৪ সালের ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।
চলতি বছর ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ই বহাল রাখে আপিল বিভাগ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে তার দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
সর্বশেষ ২৯ জুলাই আপিল বিভাগ অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাসির দণ্ড বহাল রেখে রায় দেয়। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায়।
শুনানি পর্যায়ে এলেও জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলীম মারা যাওয়ায় তাদের আপিল অকার্যকর বলে তা নিষ্পত্তি করে দেয় আপিল বিভাগ।
