২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেননের হত্যাচেষ্টায় প্রকৃত দোষীরা শনাক্তের বাইরে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যাচেষ্টা মামলায় প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছে দলটির চট্টগ্রাম জেলা শাখা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার বিকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ে জেলা শাখার কার্যালয়ে রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ২৩তম বার্ষিকীতে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি কমরেড আবু হানিফ বলেন, ১৯৯২ সালে ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী প্রগতিশীল আন্দোলনের নেতা রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা চালিয়েছিল।

“ইতোমধ্যে এ হত্যাচেষ্টা মামলায় যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে প্রকৃত আসামিরা শনাক্ত হয়নি। তাই অবিলম্বে প্রকৃত আসামিদের শনাক্ত করে আবার চার্জশিট দেওয়ার দাবি জানাচ্ছি।”

সভায় ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খান সেলিম বলেন, “সন্ত্রাস, খুন, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, মোক্তার আহমেদ, শরীফ চৌহান ও আবু সৈয়দ বলাই, যুব মৈত্রীর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরনবী আরিফ, ছাত্রমৈত্রীর সভাপতি মারুফ আহমেদ রুবেল সভায় বক্তব্য রাখেন।