২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিস্ফোরণে ২ শিশুসহ আহত ৬

রাজধানীর মিরপুরে একটি ওষুধের কারখানায় ও ডেমরার সারুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই শিশুসহ ছয় জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

পল্লবী থানার ওসি মো. দাদন ফকির জানান, সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের প্যারিস রোডে মেডিকন ফার্মাসিটিকেলে বিস্ফোরণে চার শ্রমিক আহত হন।

এরা হলেন- শহীদুল (৩০), নাহিদ হোসেন (১৯), শাহজাদা (২২) ও সুমন (২১)।

ওসি দাদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কারখানার দ্বিতীয় তলায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ওই চার জন দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।”

তাদেরকে স্থানীয় ডা. আজমল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

কারখানার কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি দাদন বলেন, “পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য নিয়ে কাজ করছিল শ্রমিকরা। এসময় পাশে চুলা জ্বলতে থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে ডেমরার সারুলিয়ায় গ্যাস লাইনের আগুনে দগ্ধ হয়েছে দুই শিশু।

এরা হল- দ্বীন ইসলাম (৫) ও আরিয়ান (১২) ।

বিকালে তাদের বাবা মো. বাবুল ও চঞ্চল মাহমুদ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে সারুলিয়ার পশ্চিম বক্সনগর কাসেমের দোতলা বাড়ির নিচতলার গেইটের সামনে গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে।