নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
প্রায় দশ বছর আগের এ মামলায় দণ্ডিত পশর আলী (৫৫) কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজম খান জানান, সাত সন্তানের জননী স্ত্রী হালেমা খাতুনের (৪৫) সঙ্গে পশর আলীর প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত সংসারের অভাবের কারণে।
“এই কলহের জেরে ২০০৫ সালের ২ নভেম্বর গভীর রাতে ঘুমের মধ্যে হালেমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পশর।”
পরদিন তাদের বড় ছেলে মতি মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ, বলেন তিনি।
