২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেতনের টাকা তুলে না দেয়ায় মাগুরায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার বিকালে মাগুরা পৌরসভার দেড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেশমা (২০) দেড়ুয়া গ্রামের ইরাদ আলী মেয়ে। এ ঘটনার পর আটক করা হয়েছে রেশমার স্বামী মো. আলমকে (২৬)।

রেশমার মা ফেলা বেগম বলেন, সাত বছর আগে আলমের সঙ্গে রেশমার বিয়ে হয়। স্বামীর নির্যাতনের কারণে সম্প্রতি বাবার বাড়িতে চলে আসে রেশমা। পরে শহরের একটি মোজার ফ্যাক্টরিতে কাজ নেয় সে।

“রোববার ফ্যাক্টরি থেকে বেতন তুলে বাড়ি ফিরলে আলম বাড়ি এসে বেতনের টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে রাজি না হওয়ায় আলম লাঠি দিয়ে পিটিয়ে রেশমাকে হত্যা করে।পরে গলায় রশি দিয়ে ঘরের একটি আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।”

এ ঘটনার পর এলাকাবাসী আলমকে ধরে পুলিশে দেয় বলে জানান মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আলমকে জিজ্ঞাসাবাদ চলছে।