২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন-রানা প্লাজা থেকে অনেক শিক্ষা হয়েছে: প্রতিমন্ত্রী

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনা এই খাতে শ্রমিকের নিরাপত্তা নিয়ে সজাগ করেছে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কাজ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 06:54 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে শ্রম পরিদর্শকদের ৪০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনা দুঃখজনক। তবে এই দুই ঘটনার পর আমরা অনেক শিক্ষা নিয়েছি। এই কলকারাখানা যদি পরিদর্শনের আওতায় আনতে না পারি তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

“ওই দুর্ঘটনার সময় আমাদের জনবল ছিল ৩১৪জন। সেটা এখন প্রায় ১ হাজার। ২৩ জেলায় অফিস করেছি। আশা করি, কয়েক বছরের মধ্যেই সব জেলায় অফিস করতে পারব।”

Image
বক্তব্য রাখছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বক্তব্য রাখছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

পাকিস্তান আমল থেকে শ্রম আইন থাকলেও এতদিন তার বিধি না হওয়ার প্রসঙ্গ তুলে মুজিবুল হক চুন্নু বলেন, এখন প্রায় ২৫০ পৃষ্ঠার বিধি তৈরি করা হয়েছে। বর্তমানে তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় আছে।

পরিদর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা শূন্য থেকে আরম্ভ করেছি। আপনারা পরিদর্শনে গিয়ে যে সব সমস্যা দেখবেন, তা একদিন থাকবে না।

“আমরা চাই না আর কোনো রানা প্লাজা বা তাজরীনের মতো দুর্ঘটনা ঘটুক।

প্রতিমন্ত্রী বলেন, “শ্রম আইন বাস্তবায়নই শ্রম পরিদর্শকদের মূল দায়িত্ব। আমাদের ২০০৬ সালের আইনে অনেক ফাঁক ছিল। কিন্তু ২০১৩ সালে আমরা সেই আইন সংশোধন করেছি। শতাধিক ধারা উপধারায় সংশোধন আনা হয়েছে।

Image
শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।

Image
আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি।

“এখন এই ধরনের যুগোপযোগী ও মানসম্মত আইন পৃথিবীর অনেক দেশেরই নাই। সেখানে পেশাগত দক্ষতা ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ও যোগ হয়েছে।”

কারখানা মালিকদের প্রতিপক্ষ না ভেবে কীভাবে কারখানার সমস্যা সমাধান আসবে সেদিকে গুরুত্ব দিতে শ্রম পরিদর্শকদের পরামর্শ দেন তিনি।

“উৎপাদনকে ডিস্টার্ব করার জন্য আপনাদের নিয়োগ করা হয় নাই। সমস্যার সমাধান করে মালিক-শ্রমিকদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে,” বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শ্রম সচিব মিকাইল শিপার, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, নেদারল্যান্ডসের দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ফন হুগস্ট্রাটেন, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, কারখানা পরিদর্শক অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।