২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সাবেক সাংসদের আগ্নেয়াস্ত্র চুরি

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুর বাসভবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি চুরি হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার রাতে জেলা শহরের মোক্তারপাড়ায় এ চুরির ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার উপ-পুলিশ কর্মকর্তা (এসআই) মিজানুর রহমান জানান।

এ সময় চোর নগদ টাকা এবং স্বর্ণালংকারও নিয়েছে বলে জানান এসআই মিজানুর।

এসআই মিজানুর আরও বলেন, আশরাফ ও তার স্ত্রী দীনা আশরাফ দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমিয়েছিলেন।

“দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে পাশের ঘরে ঢুকে আলমারি খুলে লাইসেন্স করা একটি পিস্তল, ২১ রাউন্ড গুলি, একটি শটগান, ২০ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি নিয়ে গেছে।”

রোববার সকালে বাসার লোকজন ঘটনা দেখে পুলিশকে  জানায়। পরে পুলিশ গিয়ে বাসার পাশের একটি ড্রেন থেকে শটগানটি উদ্ধার করে বলে তিনি জানান।

আশরাফ আলী খান খসরু বলেন, ওই কক্ষেই তিনি ঘুমাতেন। কিন্তু রাতে গরম বেশি থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত অন্য কক্ষে ঘুমান।